নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: উচ্চশিক্ষার লক্ষ্য শুধু সনদ অর্জন নয়, দক্ষ ও নৈতিক মানবসম্পদ তৈরি কর”-এমন বার্তা দিয়ে নবীন শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার আহ্বান জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, এমপি।
শনিবার (১১ জুলাই) বিকেলে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) সামার-২০২৬ টার্মে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
এর আগে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গাকৃবি ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। ফুল ও ফলজ গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন অতিথিরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি। সভাপতিত্ব করেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ নূরুল করিম ভূঁইয়া, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সুরক্ষা ও সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
পরে বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান। এতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাগত বক্তব্য দেন। এরপর গাকৃবির শিক্ষা, গবেষণা ও সাফল্যের ওপর নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের নিয়মনীতি, শৃঙ্খলা, নৈতিকতা ও শিক্ষা কার্যক্রম সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সামার-২০২৬ টার্মে স্নাতক পর্যায়ে ৫১৩ জন, স্নাতকোত্তরে ৩০ জন এবং পিএইচডি পর্যায়ে ৩ জনসহ মোট ৫৪৬ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন।
অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রী নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জ্ঞান, গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষা গ্রহণের মাধ্যমে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে। ভবিষ্যতে দেশের কৃষি, খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়নে নতুন প্রজন্মকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
তিনি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, গবেষণায় মনোযোগ এবং নৈতিক মূল্যবোধ ধরে রেখে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানের একপর্যায়ে শিক্ষা মন্ত্রী ও সংসদ সদস্যকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর।
সভাপতির বক্তব্যে গাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, “গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় আজ দেশের উচ্চশিক্ষা ও কৃষি গবেষণার অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান।”
তিনি জানান, আন্তর্জাতিক বিভিন্ন র্যাঙ্কিংয়ে গাকৃবি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট রেটিং ২০২৬-এ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে গাকৃবি। একই সঙ্গে এসডিজি-১ সূচকে বিশ্বে ৮২তম, এসডিজি-২ সূচকে ৬৬তম এবং এসডিজি-৪ সূচকে ১০১-২০০ এর মধ্যে স্থান পেয়েছে।
তিনি আরও বলেন, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস ফর ইনোভেশন (উরি) ২০২৬-এ “অর্থনৈতিক উন্নয়নমুখী প্রযুক্তি হস্তান্তর” ক্যাটাগরিতে বাংলাদেশের একমাত্র সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে বিশ্বের শীর্ষ ১০০-এর মধ্যে ২৩তম স্থান অর্জন করেছে গাকৃবি। এছাড়া কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস: সাসটেইনেবিলিটি ২০২৬-এ দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছে।
ভাইস-চ্যান্সেলর জানান, তাঁর দায়িত্ব গ্রহণের পর ছয়টি উন্নত জাত উদ্ভাবনে পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে। বর্তমানে গাকৃবি থেকে ৯৭টি উচ্চফলনশীল জাত এবং ২০টির বেশি প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে দেশের কৃষি উন্নয়নে অবদান রাখা হচ্ছে।
সবশেষে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে অতিথিরা বলেন, শিক্ষা ও গবেষণার মাধ্যমে নিজেদের দক্ষ করে গড়ে তুলে দেশকে এগিয়ে নেওয়ার দায়িত্ব নিতে হবে।
The post উচ্চশিক্ষার লক্ষ্য শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ তৈরি appeared first on ZoomBangla.







