বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা নিশ্চিত করার পর উদযাপনের মধ্যেই আগামী প্রতিপক্ষ ইংল্যান্ডকে খোঁচা দিলেন আর্জেন্টিনার ফুটবলাররা। সুইজারল্যান্ডকে অতিরিক্ত সময়ে ৩-১ গোলে হারানোর পর কানসাস সিটির স্টেডিয়ামে সমর্থকদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে তারা গেয়ে ওঠেন — ‘যে লাফায় না, সে একজন ইংরেজ!’

এটি আর্জেন্টিনা জাতীয় দল ও দেশটির বিভিন্ন ক্লাবের সমর্থকদের বহুল পরিচিত একটি স্লোগান, যা বহু বছর ধরেই গ্যালারিতে শোনা যায়। তবে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল নিশ্চিত হওয়ার পর গানটি নতুন করে বিশেষ তাৎপর্য পায়। আগামী বুধবার যুক্তরাষ্ট্রের আটলান্টায় মুখোমুখি হবে দুই দল।

এটাই ছিল না খেলোয়াড়দের একমাত্র উদযাপনের গান। তারা ২০২২ বিশ্বকাপের সময় জনপ্রিয় হয়ে ওঠা ‘Pa' la Selección’ (জাতীয় দলের জন্য) গানও গেয়েছেন। পাশাপাশি এবারের বিশ্বকাপ অভিযানের নতুন সংগীত ‘Cuarta Estrella’ (চতুর্থ তারকা) দিয়েও উদযাপন করেন, যা আর্জেন্টিনার সম্ভাব্য চতুর্থ বিশ্বকাপ শিরোপার স্বপ্নকে তুলে ধরে।

সুইজারল্যান্ডের বিপক্ষে অবশ্য সহজ জয় পায়নি আর্জেন্টিনা। ম্যাচের শুরুতেই অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের গোলে এগিয়ে যায় তারা। দ্বিতীয়ার্ধে দান এনদোয়ে সমতা ফেরালে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময় শুরুর আগে সুইজারল্যান্ডের ব্রিল এম্বোলো লাল কার্ড দেখে মাঠ ছাড়লে পুরো অতিরিক্ত সময় ১০ জনের দল নিয়ে খেলতে হয় সুইসদের। সংখ্যাগত সেই সুবিধা কাজে লাগিয়ে জুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজ গোল করে আর্জেন্টিনাকে ৩-১ ব্যবধানে জয় এনে দেন এবং নিশ্চিত করেন সেমিফাইনালের টিকিট।

আরআর/আইএন