কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে যৌথ অভিযানে সীমান্ত দিয়ে পাচারের উদ্দেশ্যে মজুত করা ১৩০ বস্তা সার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও উপজেলা কৃষি বিভাগ।
সোমবার সন্ধ্যায় পালংখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বটতলী কবরস্থান মোড় এলাকায় লম্বা কালুর দোকানের পাশের একটি স্থানে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে ৬৪ বিজিবি।
বিজিবি সূত্র জানায়, অভিযানে কালাম উদ্দিনের ছেলে মুফিজ উদ্দিনের কাছ থেকে ৭২ বস্তা, দুদু মিয়ার কাছ থেকে ২১ বস্তা এবং মোহাম্মদ সোলেমানের ছেলে মোহাম্মদ ইউনুসের কাছ থেকে ৩৭ বস্তা সার উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, উদ্ধার হওয়া সারগুলো মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে সেখানে মজুত করে রাখা হয়েছিল। এ ঘটনায় মিয়ানমারে সার পাচারচক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুদু মিয়ার ছেলে সাগর, আলী আকবরের ছেলে সোনা মিয়া, আবদুল জব্বারের ছেলে নুর মোহাম্মদ, আকবর আলী এবং নুরুল ইসলামের ছেলে বাদশা মিয়ার নাম উঠে এসেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসন প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কামনাশীষ সরকার বলেন, কৃষি উপকরণ শুধুমাত্র কৃষকদের জন্য বরাদ্দ। এগুলো অবৈধভাবে মজুত বা সীমান্ত দিয়ে পাচারের কোনো সুযোগ নেই। এ ধরনের অপরাধ প্রতিরোধে কৃষি বিভাগ প্রশাসন ও বিজিবির সঙ্গে সমন্বয় করে নিয়মিত অভিযান পরিচালনা করবে।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবু তাহের মাহামুদ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সার উদ্ধার করা হয়েছে। কৃষি উপকরণ যাতে কোনোভাবেই অবৈধভাবে পাচার না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিজিবির সুবেদার তরিকুল ইসলাম বলেন, সীমান্ত এলাকায় সারসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং চোরাচালানের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
The post উখিয়ায় মিয়ানমারে পাচারের আগে ১৩০ বস্তা সার উদ্ধার, যৌথ অভিযানে বিজিবি appeared first on ZoomBangla.







