কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরের ক্যাম্প-৮ ইস্টে দুই সশস্ত্র গোষ্ঠীর মধ্যে গোলাগুলিতে মা ও তাঁর পাঁচ বছর বয়সী ছেলে গুলিবিদ্ধ হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে বি-৪০ ও বি-৪১ ব্লক এলাকায় প্রায় সাড়ে চার ঘণ্টা ধরে থেমে থেমে গোলাগুলি চলে। শতাধিক গুলির শব্দে ক্যাম্পজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে বি-৪০ ও বি-৪১ ব্লক এলাকায় গোলাগুলি শুরু হয়। ক্যাম্পের মাঝি ও সাধারণ রোহিঙ্গাদের ভাষ্য, আরাকান রোহিঙ্গা আর্মি ও আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির সদস্যদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় গোলাগুলির মধ্যে পড়ে গুলিবিদ্ধ হন ক্যাম্প-৮ ইস্টের বি-৪১ ব্লকের বাসিন্দা নূর আলমের স্ত্রী তাহেরা বেগম এবং তাঁর ছেলে মোহাম্মদ ইউসুফ (৫)। স্বজনেরা তাঁদের কুতুপালংয়ের এমএসএফ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে দুজনকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
রোহিঙ্গা আশ্রয়শিবিরের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, ক্যাম্প-৮ ইস্টের বি-৪০ ও বি-৪১ ব্লক এলাকায় সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে গোলাগুলির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
একই পরিবারের দুজন গুলিবিদ্ধ হওয়ার কথা জানিয়ে এপিবিএনের এই কর্মকর্তা বলেন, ‘রাতে শিশুটি মারা যাওয়ার খবর পাওয়া গেলেও পরে জানা যায়, ছেলেটি বেঁচে আছে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
গোলাগুলির ঘটনায় কারা জড়িত এবং এর পেছনের কারণ কী, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান মোহাম্মদ রিয়াজ উদ্দিন আহমেদ।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার জানান, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।








