রাজধানীর উত্তরার জসীমুদ্দিনে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় আনোয়ারুল হক (৫৫) নামে এক ব্যবসায়ী মারা গেছেন।
বুধবার (১৫ জুলাই) রাত ৯টার দিকে জসীমউদ্দীন রোডের ইউটার্ন মোড়ে দুর্ঘটনার শিকার হন তিনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে মধ্যরাত ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
মারা যাওয়া আনোয়ারুল গাজীপুরের কোনাবাড়ী এলাকার বাসিন্দা। তিনি পেশায় অটোবাইক গ্যারেজের ব্যবসায়ী ছিলেন।
আনোয়ারুলের ভাতিজা পরশ মিয়া বলেন, “ব্যবসায়ীক কাজ শেষে আমার চাচা গাজীপুরের কোনাবাড়ীতে নিজ বাসায় ফিরতে উত্তরার জসীমউদ্দীন রোডের ইউটার্ন মোড়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বেপরোয়া গতির একটি ট্রাক চাচাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় পথচারীরা চাচাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পথচারীদের মাধ্যমে খবর পেয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ জরুরি বিভাগে নিয়ে গেলে মধ্যরাত ৩টার দিকে চিকিৎসক আমার চাচাকে মৃত বলে জানান।”
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মাদ ফারুক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।








