১১২ কোটি টাকার চেক ডিজঅনারের অভিযোগে দায়ের করা মামলায় বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে জামিন দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৬ জুলাই) শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এক হাজার টাকার মুচলেকায় তার জামিন আবেদন মঞ্জুর করেন। আসামিপক্ষের আইনজীবী মোহাদ্দেসুল আমিন আদালতের এ আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার নথি অনুযায়ী, চলতি বছরের ৯ জানুয়ারি এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশের (এক্সিম ব্যাংক) পক্ষে উজ্জ্বল মণ্ডল বাদী হয়ে মামলাটি করেন। মামলায় পাঁচটি প্রতিষ্ঠানের পাশাপাশি সালমান এফ রহমানসহ মোট ১০ জনকে আসামি করা হয়েছে।

অন্য আসামিরা হলেন- আহমেদ সইয়ন ফজলুর রহমান, মাহফুজুর রহমান, ইমরান মণ্ডল, মো. লুৎফর রহমান, মোসা. মাশকুরা খানম, মো. সাইফুর রহমান, আবু নাঈম মোহাম্মদ সেলেহীন, মো. মোস্তাফিজুর রহমান তানভীর এবং এ এস এফ রহমান।

মামলায় বেক্সিমকো এলপিজি ইউনিট-১ লিমিটেড, স্ক্যাপ হোল্ডিং লিমিটেড, এসএফআর হোল্ডিং লিমিটেড, এএসআর হোল্ডিং লিমিটেড এবং বেক্সিমকো হোল্ডিং লিমিটেডের নাম উল্লেখ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, ব্যাংকের পাওনা পরিশোধের তাগিদে বেক্সিমকো এলপিজি ইউনিট-১ লিমিটেডের পক্ষ থেকে ১১২ কোটি টাকার একটি চেক দেওয়া হয়। ২০২৫ সালের ১৯ নভেম্বর চেকটি এক্সিম ব্যাংকের করপোরেট শাখায় উপস্থাপন করা হলে পর্যাপ্ত অর্থ না থাকায় সেটি ফেরত আসে।

পরে একই বছরের ২৬ নভেম্বর নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১-এর ১৩৮ ও ১৪০ ধারা অনুসারে নিবন্ধিত ডাকযোগে আইনি নোটিশ পাঠানো হয়। নোটিশ পাওয়ার পর ৩০ দিনের মধ্যে চেকের অর্থ পরিশোধের সুযোগ দেওয়া হলেও তা পরিশোধ না করায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়।

এমডিএএ/এমএএইচ/