দেশের ২০টি অঞ্চলের ওপর দিয়ে আজ সকালের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বজ্রসহ বৃষ্টি। এই পরিস্থিতিতে এসব এলাকার নদী বন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।​সোমবার (১৩ জুলাই) রাতে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়া অফিসের এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। ​আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশের প্রায় সব বিভাগেই ঝড়ের এই পূর্বাভাস রয়েছে। অঞ্চলগুলো হলো:​রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া ও কুষ্টিয়া, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর ও মাদারীপুর, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী ও নোয়াখালী,  ​ময়মনসিংহ, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট।এসব অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ঝড়ো আবহাওয়ার কারণে নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। নদী পথে চলাচলকারী হালকা ও মাঝারি নৌযানগুলোকে সাবধানে ও সতর্কতার সাথে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।