পাঁচ লাখ সেনাকে ড্রোন চালনায় দক্ষ করে তুলতে বড় পরিকল্পনা হাতে নিয়েছে দক্ষিণ কোরিয়া। শুক্রবার দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন গিউ-ব্যাক বলেছেন, সেনাবাহিনীর সব সদস্যকে এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হবে, যেন তারা নিজের কাছে থাকা অস্ত্রের মতোই ড্রোন ব্যবহার করতে পারেন। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সেনা, নৌ ও বিমানবাহিনীর পাঁচ লাখ সদস্যকে ‘ড্রোন যোদ্ধা’ হিসাবে গড়ে তোলা হবে। আন গিউ-ব্যাক বলেন, ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের সংঘাত দেখিয়ে দিয়েছে যে ড্রোন এখন যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো একটি প্রযুক্তিতে পরিণত হয়েছে। তার ভাষায়, ‘স্বল্প খরচে বিপুলসংখ্যক ড্রোন যুদ্ধের প্রকৃতিই বদলে দিচ্ছে।’

