জর্জিয়ার সংসদে তুমুল হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটেছে। শুক্রবার বসন্তকালীন অধিবেশনের শেষ বৈঠকে ক্ষমতাসীন জর্জিয়ান ড্রিম পার্টি ও বিরোধী দল ফর জর্জিয়ার সংসদ-সদস্যদের মধ্যে এই সংঘর্ষ হয়। ওই বৈঠকে প্রধানমন্ত্রী ইরাকলি কোবাখিদজে তার বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করছিলেন। নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী জর্জি গাখারিয়ার নেতৃত্বাধীন বিরোধী দল ‘ফর জর্জিয়া’-এর সংসদ-সদস্য জর্জি শারাশিদজে প্রশ্নোত্তরপর্বে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সাম্প্রতিক জর্জিয়া সফর নিয়ে প্রধানমন্ত্রী ইরাকলি কোবাখিদজের ভূমিকার সমালোচনা করেন। তার এই মন্তব্যের পর সংসদ কক্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে ক্ষমতাসীন ও বিরোধী দলের সদস্যদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।