নারায়ণগঞ্জের ফতুল্লার একটি বাড়িতে মধ্যরাতে অবৈধ গ্যাসের সংযোগ দিতে গিয়ে বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে আরিফুল ইসলাম নামে একজনের শরীরের ৬৫ শতাংশ দগ্ধ হওয়ায় তাকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
সোমবার (১৩ জুলাই) মধ্যরাত সাড়ে ১২টার দিকে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের চিতাশাল ১ নম্বর গলির দেলোয়ার হোসেনের বাড়িতে দুর্ঘটনাটি ঘটে।
গুরুতর দগ্ধ আরিফুল ইসলাম রংপুরের কালীগঞ্জ উপজেলার লতাবর গ্রামের আলী আজগরের ছেলে। তিনি ফতুল্লার দেলপাড়া বাজারসংলগ্ন তানিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।
স্থানীয় সূত্র জানায়, দেলোয়ার হোসেনের বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার জন্য ১৭ হাজার টাকায় চুক্তি হয়। এ জন্য অগ্রিম দুই হাজার টাকা দেওয়া হয়েছিল। পরে স্থানীয় এক গ্যাস কন্ট্রাক্টরের মাধ্যমে কয়েকজন শ্রমিক রাতে সড়ক কেটে গ্যাস পাইপে সংযোগ দেওয়ার কাজ শুরু করেন। পাইপ বের করে সংযোগ দেওয়ার সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে চার শ্রমিক দগ্ধ হন।
স্যানিটারি মিস্ত্রি আব্দুল জলিল জানান, আহত তিনজনের আঘাত তুলনামূলক কম হওয়ায় স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। আরিফুল ইসলামের অবস্থা গুরুতর হওয়ায় তাকে দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর শরীরের প্রায় ৬৫ শতাংশ দগ্ধ হয়েছে।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”








