এইচএসসি’২৬ ও আলিম’২৬ পরীক্ষার্থীদের পাশে আছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার এখন সময়ের দাবি।

পাটওয়ারী আরও বলেন, শিক্ষার্থীরা যখনই কোনো ন্যায্য দাবি নিয়ে রাজপথে নামে, তখনই তাদের রাজনৈতিক পরিচয়ে ভাগ করার চেষ্টা শুরু হয়। অথচ, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে প্রত্যেক নাগরিকের, বিশেষ করে শিক্ষার্থীদের, শান্তিপূর্ণভাবে নিজেদের দাবি তুলে ধরার সাংবিধানিক অধিকার রয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

তিনি লেখেন, সাম্প্রতিক পরিস্থিতিতে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও অনেক শিক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে যেতে হয়েছে। এ ঘটনাকে ঘিরে মানুষের মধ্যে যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে, সেটিকে গুরুত্বের সঙ্গে নেওয়া এবং আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজা সরকারের দায়িত্ব।

আরও পড়ুন

চার মন্ত্রীর পরিবর্তন চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

পোস্টে এনসিপির এই রাজনীতিবিদ আরও লেখেন, আমি প্রত্যাশা করি, কোনো রাজনৈতিক সংগঠন ছাত্রদল বা অন্য যে-ই হোক, এই পরিস্থিতিকে আরও অস্থির করে তুলবে না। একইভাবে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও সংযমের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে এবং অপ্রয়োজনীয় বলপ্রয়োগ এড়িয়ে চলতে হবে।

তিনি আরও লেখেন, এই সংকট থেকে বেরিয়ে আসার সবচেয়ে কার্যকর উপায় হলো শিক্ষার্থীদের সঙ্গে দ্রুত ও আন্তরিক সংলাপে বসা। প্রয়োজন হলে ভুল স্বীকার করে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করা উচিত। আর যদি সংশ্লিষ্ট নেতৃত্বের প্রতি জনআস্থা পুনরুদ্ধার করা সম্ভব না হয়, তাহলে দায়িত্বশীল ব্যক্তির পদত্যাগের বিষয়টিও বিবেচনায় আসতে পারে। কারণ, গণতন্ত্রে জবাবদিহিতা কোনো দুর্বলতা নয়, বরং একজন নেতৃত্বের সততা ও দায়িত্ববোধেরই পরিচয়।

নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, এইচএসসি’২৬ ও আলিম’২৬ পরীক্ষার্থীদের পাশে আছি। শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার এখন সময়ের দাবি।

এনএস/এএমএ