ছাত্রলীগের নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের নামে একটি আবাসিক হল করার উদ্যোগের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি এ ব্যাপারে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনুরোধ করবেন বলেও উল্লেখ করেছেন।

শনিবার (২৭ জুন) বিকেলে বুয়েট অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয়টির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ‘বুয়েটের শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী। কিন্তু মেধাবী শিক্ষার্থীরাও অনেক সময় বিপথগামী হতে পারে। এখানে একসময় অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটেছে, যা কেউ ভুলতে পারছে না। সেই স্মৃতিকে ধরে রাখার জন্য আমরা আবরার ফাহাদের নামে একটি আবাসিক হল করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করবো।’

বিশ্ববিদ্যালয়ের আবাসন সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, ‘শিক্ষার্থীদের আবাসনের সমস্যা হলে পড়াশোনায়ও বিঘ্ন ঘটে। বুয়েটের আবাসিক হলগুলোতে সিটের অপ্রতুলতা রয়েছে। এ সমস্যার সমাধান করা আমাদেরই দায়িত্ব। এ বিষয়ে আমি প্রধানমন্ত্রীকে জানাবো এবং এই সমস্যার সমাধান করবো।’

মন্ত্রী আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণার মানোন্নয়নে রিসার্চ গ্র্যান্ট বৃদ্ধি করা হবে। গবেষণায় ব্যবহৃত ল্যাবগুলো আধুনিক ও মানসম্মত নয়। এখনো অনেক ল্যাবেই পুরোনো যন্ত্রপাতি ব্যবহৃত হচ্ছে। এগুলোর আধুনিকায়নে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

বুয়েট উপাচার্য অধ্যাপক ড. একরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন, বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী প্রমুখ।

এএএইচ/এসআর