রংপুরসহ তিন জেলার যোগাযোগের অন্যতম রুট সাতমাথা-জাহাজ কোম্পানি মোড় সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘ পাঁচ বছরেরও অধিক সময় ধরে বেহাল দশা থেকে অবশেষে মুক্তি মিলছে ওই সড়ক দিয়ে চলাচল করা হাজারো মানুষের।

রোববার (১২ জুলাই) দুপুরে নগরীর সাতমাথায় ফলক উদ্বোধনের মাধ্যমে সড়ক সংস্কার কাজের উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী চৌধুরী ডন। এ সময় সিটি কর্পোরেশনের কর্মকর্তাসহ স্থানীয় বিশিষ্টজন উপস্থিত ছিলেন।

সিটি কর্পোরেশন সূত্র জানায়, ২০ কোটি ৬৭ লাখ টাকা ব্যয়ে এ সড়ক সংস্কার কার্যক্রমে ৩ হাজার ৬৮০ মিটার কার্পেটিং রোড, ১১০ মিটার আরসিসি রোড, ৬’শ মিটার রাস্তার দু’পাশের ড্রেন নির্মাণ, ২ হাজার ৫’শ মিটার রোড ডিভাইডার, ৮’শ মিটার রোড সেপারেটর নির্মাণ এবং ১৩০টি পোলে ২৬০টি স্মার্ট এলইডি স্ট্রিট লাইট স্থাপন করা হবে।

এ সংস্কার কাজের সময়সীমা ধরা হয়েছে চলতি বছরের ৩০ ডিসেম্বর পর্যন্ত।

jagonews24

সড়কটি সংস্কারে উদ্যোগ না নেওয়ায় রংপুর সিটি কর্পোরেশনকে (রসিক) মৃত ঘোষণা করে গত বছরের ২০ জুলাই গায়েবানা জানাজা পড়ানো হয়। এছাড়া সড়কে ধান রোপণ, চোখে কালো কাপড় বেঁধে প্রতিবাদসহ মানববন্ধন-সমাবেশ করে বিভিন্ন সংগঠন ও স্থানীয় ভুক্তভোগীরা।

রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) প্রশাসক অ্যাড. মাহফুজ-উন-নবী চৌধুরী ডন বলেন, যেহেতু এ সড়ক দিয়ে রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম জেলার মানুষেরা হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসা-বাণিজ্যসহ দৈনন্দিন কাজে ব্যবহার করে। তাই জনগুরুত্বপূর্ণ এ সড়কটি নির্ধারিত সময়ের মধ্যেই সংস্কার শেষ হবে বলে প্রত্যাশা করছি। সেই সঙ্গে কাজের মান ঠিক রাখতে আমি সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগ ও ঠিকাদারী প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলেছি। মানের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।

জিতু কবীর/কেএইচকে