স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, রাজধানীর আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে সম্প্রতি ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্তটি ফের পরিদর্শন করে বিবেচনা করা হবে। সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যসেবা নিশ্চিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করার কথা জানিয়েছেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আদ-দ্বীনে দুর্ঘটনার পরপরই সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তার আশ্বাস দিয়েছে। হাসপাতালটির অবকাঠামো পুনর্গঠনে কাজ চলছে। তারা ভেন্টিলেশন ব্যবস্থা উন্নত করার জন্য একটি প্রস্তাবনা পাঠিয়েছে। আমরা দ্রুতই একটি পরিদর্শন টিম পাঠাব। পরিদর্শন শেষে যদি সবকিছু যৌক্তিক মনে হয়, তবে সরকার পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে।
এদিকে সঠিক রোগ নির্ণয় ও সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে চলতি বছরে প্রতিটি উপজেলা হাসপাতালে আধুনিক প্যাথলজিক্যাল ল্যাব স্থাপনের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। সোমবার রাজধানীর এক হোটেলে ব্রাক ও লেগো ফাউন্ডেশন আয়োজিত ‘সাসটেইনিং প্লে, লার্নিং অ্যান্ড ইন হিউম্যানিটারিয়ান কনটেক্সটস (স্প্যাশ)’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
এদিন রাজধানীর তেজগাঁওয়ে কেন্দ্রীয় ঔষুধাগার কার্যালয়ে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রীর কাছে ঢাকা মেডিকেলসহ ১৫টি সরকারি হাসপাতালের জন্য অত্যাধুনিক হেমাটোলজি মেশিন হস্তান্তর করা হয়। ‘ইজিমেড ইন্টারন্যাশনাল লিমিটেড’ নামে চিকিৎসা সরঞ্জাম সরবরাহকারী প্রতিষ্ঠানটি এসব মেশিন সরকারের কাছে হস্তান্তর করে। এ সময় উপস্থিত ছিলেন-জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সিএমএসডির পরিচালক (যুগ্ম সচিব) ড. শফিউর রহমান এবং ইজিমেড ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান গোলাম দস্তগীর তৌহিদ প্রমুখ।








