ভারতীয় সিনেমার অন্যতম সফল নির্মাতা এস এস রাজামৌলির নতুন মহাকাব্যিক সিনেমা ‘বারাণসী’ ঘিরে দর্শকের আগ্রহ তুঙ্গে। দক্ষিণ ভারতের সুপারস্টার মহেশ বাবু, বলিউডের গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস এবং দক্ষিণের পৃথ্বীরাজ সুকুমারন অভিনীত এ বড় বাজেটের সিনেমার শুটিং নিয়ে নতুন তথ্য জানিয়েছেন পরিচালক নিজেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজামৌলি জানান, সিনেমাটির শুটিংয়ের বড় একটি অংশ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ এবং বিশাল পরিসরের অ্যাকশন দৃশ্যগুলোর কাজ শেষ হয়েছে। এখন চলছে গল্পের বিভিন্ন অংশকে সংযুক্ত করা অপেক্ষাকৃত ছোট দৃশ্যগুলোর শুটিং।

রাজামৌলির ভাষ্য অনুযায়ী, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী সেপ্টেম্বর কিংবা অক্টোবরের শুরুতেই পুরো শুটিং শেষ হয়ে যাবে। ফলে মুক্তির নির্ধারিত সময়সূচি ধরে রাখার পথ আরও সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

‘বারাণসী’ একটি সময়ভ্রমণভিত্তিক অ্যাডভেঞ্চারধর্মী সিনেমা। গল্পের কেন্দ্রে রয়েছে শিবভক্ত এক ব্যক্তির রহস্যময় অভিযাত্রা। সময়ের বিভিন্ন স্তর অতিক্রম করে তিনি খুঁজতে থাকেন এক হারিয়ে যাওয়া মহাজাগতিক শক্তির উৎসকে। সেই অনুসন্ধানের পথে উন্মোচিত হতে থাকে শতাব্দীজুড়ে লুকিয়ে থাকা নানা গোপন রহস্য। একপর্যায়ে তিনি আবিষ্কার করেন, তার এই অভিযানের পেছনে রয়েছে এমন এক শক্তিশালী মস্তিষ্ক, যার লক্ষ্য পুরো পৃথিবীর ওপর আধিপত্য প্রতিষ্ঠা করা।

সিনেমাটির আরেকটি বড় আকর্ষণ হলো মহেশ বাবুর দ্বৈত চরিত্রে উপস্থিতি। মূল চরিত্রের পাশাপাশি তিনি একটি বিশেষ পর্বে হিন্দু পুরাণের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র ভগবান রামের ভূমিকায়ও অভিনয় করবেন বলে নিশ্চিত করেছেন। এ কারণে সিনেমাটি নিয়ে দর্শকদের কৌতূহল আরও বেড়েছে।

এর আগে গুঞ্জন উঠেছিল, বারাণসী দুই পর্বে মুক্তি পেতে পারে। তবে রাজামৌলি সেই জল্পনা উড়িয়ে দিয়ে জানিয়েছেন, এটি একক সিনেমা হিসাবেই মুক্তি পাবে। এর সম্ভাব্য দৈর্ঘ্য হবে প্রায় তিন ঘণ্টা। সিনেমাটি ২০২৭ সালের ৭ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।