ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার দখলে থাকা সরকারি আশ্রয়ণ প্রকল্পের দুটি ঘর উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া এ তথ্য জানিয়েছেন। 

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার ধরখার ইউনিয়নের রুটি গ্রামের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রউফ দীর্ঘ দিন ধরে সরকারি আশ্রয়ণ প্রকল্পের দুটি ঘর অবৈধভাবে দখল করে রাখেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শেষে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে ঘর দুটি দখলমুক্ত করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া বলেন, “অভিযোগের সত্যতা পাওয়ার পর অভিযান চালিয়ে সরকারি আশ্রয়ণ প্রকল্পের দুটি ঘর দখলমুক্ত করা হয়েছে।”

তিনি আরও বলেন, “সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘর প্রকৃত উপকারভোগীদের জন্য বরাদ্দ। কেউ অবৈধভাবে এ সব ঘর দখল করে রাখলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

ইউএনও জানান, অভিযান চলাকালে অভিযুক্ত আব্দুর রউফ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। উপজেলা প্রশাসন জানিয়েছে, সরকারি সম্পত্তি অবৈধ দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।