নওগাঁর মহাদেবপুরে একটি বাড়ির শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সফাপুর ইউনিয়নের পাহাড়পুর গ্রাম থেকে সোমবার সকালে লাশ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন-পাহাড়পুর গ্রামের লোকমান মণ্ডল (৫২) ও তার স্ত্রী দেলোয়ারা বেগম (৪৬)। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার রাতে ছেলে মুক্তার হোসেনসহ তিনজন একসঙ্গে রাতের খাবার খেয়ে নিজ নিজ কক্ষে ঘুমাতে যান। ভোর সাড়ে ৩টার দিকে মুক্তার হোসেন প্রতিবেশীদের খবর দিলে তারা এসে খাটের ওপর দম্পতির নিথর দেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়। নিহত লোকমান মণ্ডল দিনমজুর হিসাবে জীবিকা নির্বাহ করতেন। তাদের ছেলে মুক্তার হোসেন পাহাড়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি এবং একই বাড়িতে বসবাস করেন।
স্থানীয় কয়েকজনের দাবি, মুক্তার হোসেন মাদক সেবন ও অনলাইন জুয়ায় আসক্ত। টাকার জন্য বাবা-মায়ের ওপর চাপ সৃষ্টি করলেও তারা রাজি না হওয়ায় খাবারের সঙ্গে কীটনাশক মিশিয়ে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। তাদের আরও দাবি, প্রায় এক সপ্তাহ আগে একই কৌশলে দম্পতিকে হত্যার চেষ্টা হয়েছিল। তখন সন্দেহ হওয়ায় খাবার ফেলে দিলে সেই খাবার খেয়ে বাড়ির কয়েকটি হাঁস মারা যায়। তবে এসব অভিযোগের সত্যতা পুলিশ এখনো নিশ্চিত করেনি। ওসি মো. ওমর ফারুক বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত কর্মকর্তা এসআই মো. জেলকদ হোসেন জানান, প্রাথমিকভাবে বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।








