আমেরিকার লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিতব্য ‘আনন্দ মেলা’ আয়োজনে যোগ দিচ্ছেন দেশের পাঁচ তারকাশিল্পী প্রখ্যাত অভিনেত্রী ববিতা, সংগীতশিল্পী কণা, অভিনেত্রী নাদিয়া, অভিনেতা নাঈম ও সংগীতশিল্পী ইরমান। আগামী ২ আগস্ট নর্থ হলিউডের চার্চ ও অব সাইন্টোলজিতে এটি অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন চৌধুরী। তিনি জানান, বিশ্বকাপ ক্রিকেট খেলা এবং কাছাকাছি সময়ে ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কারণে এবারের আনন্দ মেলার আয়োজন দুদিনের পরিবর্তে একদিন হচ্ছে। এ আয়োজনে অংশ নেওয়া প্রসঙ্গে ববিতা বলেন, ‘তারিখ পরিবর্তন হওয়ার পর (২৫ জুলাই হওয়ার কথা ছিল) আনন্দ মেলার প্রতিষ্ঠাতার সঙ্গে আমার কথা হয়েছে। তিনিই আমাকে এ পরিবর্তিত তারিখের কথা বলেছেন। আমার জন্মদিনের পরপরই এ আয়োজনে অংশগ্রহণ করব।’ এবারের আয়োজনে সংগীত পরিবেশন করবেন দুই জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কণা ও ইমরান মাহমুদুল। এ ছাড়া এই আয়োজনে পারফর্ম করবেন জনপ্রিয় তারকা দম্পতি নাদিয়া-নাঈম। উল্লেখ্য, শিগ্গির ববিতা কানাডায় যাবেন। সেখানেই একমাত্র ছেলে অনিকের সঙ্গে নিজের জন্মদিন (৩০ জুলাই) উদযাপন করবেন বলে জানিয়েছেন।