আর্জেন্টিনা কি তাহলে কেপ ভার্দেকে ভয় পাচ্ছে? ভয় পাওয়ার কি কোন কারণ আছে? এই আলাপটা আসছে কারণ, আলবিসেলেস্তাদের কোচ লিওনেল স্কালোনি তার খেলোয়াড়দের সতর্ক করে দিয়েছেন, যেন শেষ ৩২-এ প্রতিপক্ষ কেপ ভার্দেকে কোনোভাবেই হালকাভাবে না নেয়।
বিশ্বকাপের ইতিহাসে জনসংখ্যার দিক থেকে সবচেয়ে ছোট দেশ হিসেবে নকআউটে জায়গা করে নেওয়া দ্বীপরাষ্ট্রটির বিপক্ষেই শেষ ৩২-এ খেলবে তারকা-সমৃদ্ধ আর্জেন্টিনা। গ্রুপ ‘এইচ’ থেকে রানার্সআপ হয়ে নকআউটে উঠেছে কেপ ভার্দে। তারা পেছনে ফেলেছে সৌদি আরব এবং দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়েকে।
শনিবার (২৮ জুন) জর্ডানকে ৩-১ গোলে হারানোর পর স্কালোনি বলেন, ‘কেপ ভার্দে আমাকে অবাক করেনি। তারা সত্যিই ভালো একটি দল। তারা কঠিন প্রতিপক্ষ। তারা টুর্নামেন্টের অন্যতম ফেবারিট স্পেনকে ভুগিয়েছে। একইভাবে উরুগুয়ে ও সৌদি আরবের বিপক্ষেও নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। দলটি দ্রুতগতির এবং তাদের দারুণ মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে।’
কেপ ভার্দেকে যথেষ্ট সমীহ করলেও শেষ বত্রিশের এই ম্যাচে আর্জেন্টিনাকেই পরিষ্কার ফেবারিট ধরা হচ্ছে। প্রত্যাশা, সহজ জয় নিয়েই শেষ ষোলোতে উঠবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। প্রায় ৫ লাখ ২৫ হাজার জনসংখ্যার দেশ কেপ ভার্দে। জনসংখ্যার হিসেবে এটি যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের প্রতিটির চেয়েই ছোট। সবচেয়ে কম জনসংখ্যার অঙ্গরাজ্য ওয়াইওমিংয়ের বাসিন্দাও প্রায় ৫ লাখ ৭৬ হাজার।
বিশ্বকাপে খেলা জনসংখ্যায় আরও ছোট দুই দেশ কুরাসাও ও আইসল্যান্ড নিজেদের একমাত্র অংশগ্রহণেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল। ২০২৬ সালে কুরাসাও এবং ২০১৮ সালে আইসল্যান্ড সেই কীর্তি গড়তে পারেনি। তবে কেপ ভার্দে তাদের ছাড়িয়ে প্রথমবারের মতো নকআউটে উঠে নতুন ইতিহাস লিখেছে।
জর্ডানের বিপক্ষে ম্যাচ শেষে আর্জেন্টিনার ফরোয়ার্ড গিউলিয়ানো সিমেওনে বলেন, ‘আমরা সবসময় নিজেদের খেলাতেই মনোযোগ দিই। প্রতিটি প্রতিপক্ষই কঠিন। নিজেদের সেরা অস্ত্র ব্যবহার করে প্রতিপক্ষের যতটা সম্ভব ক্ষতি করার চেষ্টা করতে হবে।’
স্ট্রাইকার লাউতারো মার্তিনেজ বলেন, ‘প্রথম লক্ষ্য ছিল পরের রাউন্ডে ওঠা, সেটা আমরা অর্জন করেছি। এখন আমাদের লক্ষ্য আরও এগিয়ে যাওয়া। আগামীকাল থেকেই কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি শুরু করব।’
গ্রুপ ‘জে’-তে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানকে হারিয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান দখল করে অপরাজিত থেকেই নকআউটে উঠেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। শেষ ৩২-এর ম্যাচের আগে আর্জেন্টিনা প্রথমে তাদের বেসক্যাম্প কানসাস সিটিতে ফিরে অনুশীলন করবে। এরপর ৩ জুলাই মায়ামিতে কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ খেলতে ফ্লোরিডায় যাবে আলবিসেলেস্তেরা।








