চলমান ফুটবল বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারানোর পর রাজবাড়ীতে উল্লাসে ফেটে পড়ে আর্জেন্টাইন ভক্তরা। খেলা শেষে রেফারির শেষ বাঁশি বাজার সাথে সাথে দর্শকরা নেচে গেয়ে বিজয় উদযাপন করেন।
বুধবার (১৫ জুলাই) গভীর রাতে জেলা শহরের আজাদী ময়দানে ডিজিটাল এলইডি স্ক্রিন (বড় পর্দায়) খেলা দেখতে দর্শকরা আর্জেন্টিনার জার্সি পড়ে ও বাঁশি হাতে খেলা দেখতে হাজির হন।
আর্জেন্টাইন ভক্তদের দাবি, দলের সব খেলোয়াড় ভালো খেলেছে। এ ধারাবাহিকতা রক্ষা করে এবার আবারও শিরোপা নেবে মেসির আর্জেন্টিনা।
গোলাম রব্বানি নামের এক আর্জেন্টাইন ভক্ত বলেন, আর্জেন্টিনা এবারও বিশ্বকাপ নেবে। খুব ভালো খেলছে। ডিজিটাল স্ক্রিনে খেলা দেখে মজা পেয়েছি। আর এর আগে কখনও একসঙ্গে এত মানুষ খেলা দেখিনি।
গোলাম মোস্তফা নামে ব্রাজিলের এক ভক্ত বলেন, সবশেষে মনে হচ্ছে মেসি বিশ্বকাপটা নিয়েই ছাড়বে। তবে যাই হোক শেষ দিকে অনেক ভালো খেলেই জয়লাভ করলো। অভিনন্দন আর্জেন্টিনা দলকে।
রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান বলেন, আমি ফুটবল খেলা ভালোবাসি এবং ভালোবাসার জায়গা থেকে এলইডি স্ক্রিনে খেলার দেখার ব্যবস্থা করেছি। রাজবাড়ীতে এলইডি স্ক্রিনে এর আগে কখনও খেলা দেখার ব্যবস্থা কেউ করেনি। তাই বড় পর্দায় খেলা দেখতে শত শত ফুটবলপ্রেমী একসঙ্গে বসে খেলা উপভোগ করেছে।
রুবেলুর রহমান/এনএইচআর/এএসএম








