অস্ট্রেলিয়ার উত্তর কুইন্সল্যান্ডের ফরেস্ট বিচে হঠাৎ করেই ভেসে এসেছে ছয়টি বিশাল ধাতব গোলক। অজানা উৎসের এসব বস্তু ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে যেমন কৌতূহল তৈরি হয়েছে, তেমনি দেখা দিয়েছে নিরাপত্তা উদ্বেগ। এগুলো কোনো রকেট বা মহাকাশযানের খসে পড়া অংশ অর্থাৎ মহাকাশ বর্জ্য হতে পারে বলে ধারণা করছে অস্ট্রেলিয়ান স্পেস এজেন্সি (এএসএ)। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

গত সপ্তাহে কুইন্সল্যান্ডের টাউনসভিল শহরের উত্তরে অবস্থিত ফরেস্ট বিচে সাধারণ মানুষের নজরে আসে ধাতব গোলকগুলো। ঘটনার পরপরই কুইন্সল্যান্ড ফায়ার সার্ভিস এলাকা ঘিরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করে। একই সঙ্গে সম্ভাব্য ঝুঁকির কথা বিবেচনা করে সৈকতের চারপাশে ৫০ মিটারের একটি রেড জোন ঘোষণা করে। এছাড়া স্থানীয় বাসিন্দাদের কোনো অচেনা বা সন্দেহজনক বস্তু স্পর্শ না করার আহ্বান জানানো হয়।

গোলকগুলোর প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর অস্ট্রেলিয়ান স্পেস এজেন্সি জানায়, গোলকগুলো দেখতে রকেটে ব্যবহৃত প্রেশার ভেসেল বা উচ্চচাপে গ্যাস ও তরল সংরক্ষণের ট্যাংকের মতো। সংস্থাটির ধারণা, কোনো বিদেশি রকেট পৃথিবীর বায়ুমণ্ডলে ফিরে আসার সময় এর অংশবিশেষ বিচ্ছিন্ন হয়ে সমুদ্রে পড়ে। পরে সেগুলো স্রোত ও ঢেউয়ের টানে ফরেস্ট বিচে এসে পৌঁছায়। তবে এগুলো ঠিক কোন দেশের বা কোন মহাকাশযানের অংশ, তা নিশ্চিত হতে আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তায় তদন্ত চলছে।