বাগমারার ভবানীগঞ্জে কৃষকদলের এক নেতার বিরুদ্ধে আত-তিজারা ভবনের গেটের সামনে ভাঙা ইট ও রশি দিয়ে ঘিরে প্রবেশ পথ বন্ধের অভিযোগ উঠেছে। ওই ঘটনায় প্রতিকার চেয়ে ভবনের মালিক ভুক্তভোগী আব্দুল হালিম জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মেসবাউল হক দুলুর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। জানা যায়, গনিপুর ইউনিয়নের তাহির একডালা গ্রামের আব্দুল হালিম ভবানীগঞ্জ পৌরসভার মোসলেম আলীর কাছ থেকে পাঁচ শতক জমি ক্রয় করেন। ওই জমিতে আত-তিজারা রাজশাহী লিমিটেডের নিজস্ব কার্যালয়ের পাঁচতলা ভবন নির্মাণ করে তিনি ভোগ দখলে আছেন। সম্প্রতি জমি বিক্রেতা মোসলেম আলীর ছেলে মেসবাউল ওই বিল্ডিং ব্যবহারে বাধা দেন। ওই ঘটনায় আব্দুল হালিম মামলা করেন। ৯ জুলাই আদালত বাদীর পক্ষে রায় প্রদান করেন। রায়ে বলা হয়, নালিশি সম্পত্তি যেহেতু বাদীর দখলে রয়েছে এবং সেখানে বাদীর বিল্ডিং রয়েছে কাজেই বিবাদীগণের প্রবেশ আদেশ দ্বারা বারিত হলো। অথচ আদালতের ওই রায় অমান্য করে মেসবাউল হক দুলু বিল্ডিংয়ে প্রবেশ পথ বন্ধ করে দেন।