বাগেরহাট শহরের নাগেরবাজার এলাকায় রাজিয়া বেগম নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী বেলাল সরদারের বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত বেলালকে আটক করেছে বাগেরহাট সদর মডেল থানা পুলিশ। শহরের ৭ নম্বর ওয়ার্ডের নাগেরবাজার এলাকায় সিরাজ উদ্দিন শাহিনের ভাড়া বাসায় রোববার রাতে এ ঘটনা ঘটে। ওই বাসার দুটি কক্ষে পরিবার নিয়ে বসবাস করছিলেন বেলাল। স্থানীয়দের দাবি, আগে থেকেই পারিবারিক কলহ চলছিল। রোববার সন্ধ্যায় স্বামী-স্ত্রীর মধ্যে বাগ্বিতণ্ডার একপর্যায়ে বেলাল রাজিয়াকে মারধরের পর শ্বাসরোধ করে হত্যা করেন বলে অভিযোগ ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং স্বামী বেলাল সরদারকে আটক করে। নিহতের ভাই রিপন জানান, বেলাল দীর্ঘদিন ধরে অনলাইনে জুয়ায় আসক্ত ছিলেন।
