ফতুল্লায় পরকীয়ার সন্দেহে ঘুমন্ত স্বামীর গলা ও দুই হাতের রগ কেটে হত্যার অভিযোগে ফারজানা আক্তার মুন্নি নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। ফতুল্লার দেলপাড়া মির্জা বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম জনি রাজধানীর একটি হোটেলে চাকরি করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফারজানা আগের স্বামী ও তিন সন্তান রেখে জনিকে বিয়ে করেন। বিয়ের পর তারা ফারজানার বাড়িতেই বসবাস করতেন। সম্প্রতি জনির সঙ্গে অন্য এক নারীর সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করেন ফারজানা। এ নিয়ে দম্পতির মধ্যে প্রায়ই কলহ হতো। রোববার রাতেও তাদের ঝগড়া হয়। অভিযোগ রয়েছে, গভীর রাতে ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে জনির গলা ও দুই হাতের রগ কেটে হত্যা করেন ফারজানা। সোমবার সকালে পালানোর চেষ্টা করলে রক্ত দেখে স্থানীয়রা তাকে আটক করে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি চাপাতি ও ফল কাটার ছুরি উদ্ধার করে এবং ফারজানাকে গ্রেফতার করে। ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম জানান, ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।