ফরিদপুরে ডিবি হেফাজতে এক ছাত্রলীগকর্মীর মৃত্যু এবং ঢাকার কাছে তুরাগ নদ থেকে তিন দিনে তিনটি লাশ উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। সোমবার এক বিবৃতিতে সংগঠনটির নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম বলেন, রাষ্ট্রের হেফাজতে থাকা ব্যক্তির জীবন ও নিরাপত্তা নিশ্চিত করা আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব। তাই ডিবি হেফাজতে মৃত্যুর ঘটনায় প্রকৃত কারণ উদঘাটনে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত জরুরি। একই সঙ্গে তুরাগ নদে একাধিক লাশ উদ্ধারের ঘটনায় অপরাধমূলক কর্মকাণ্ড বা মানবাধিকার লঙ্ঘনের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা দ্রুত তদন্তের আহ্বান জানায় সংগঠনটি। এইচআরএসএস উভয় ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করে দোষীদের আইনের আওতায় আনা

এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে।