রাজধানীর আদাবর ও তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে কবজিকাটা আনোয়ার গ্রুপের সদস্য, মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং লিডার কবির ওরফে ‘ধ্বংস কবির’সহ তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাব-২। এ সময় তাদের কাছ থেকে তিনটি চাপাতি উদ্ধার করা হয়। সোমবার র্যাব-২ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার আদাবরের শ্যামলী হাউজিং এলাকায় অভিযান চালিয়ে কবির (৩৮) ও তার সহযোগী আব্দুর রহমানকে (৩৫) দুটি চাপাতিসহ আটক করা হয়। একই দিনে কাওরান বাজার এলাকা থেকে কিশোর গ্যাং লিডার ও একাধিক মামলার আসামি বিল্লাল হোসেনকে (২৮) একটি চাপাতিসহ গ্রেফতার করা হয়। র্যাবের দাবি, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর, আদাবরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই, ডাকাতি, চুরি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল।
