রাজধানীর মিরপুরে ১৫ লাখ টাকা ছিনতাই হয়েছে। সোমবার বিকালে ১১ নম্বর এ ব্লকের ঢালের ওপর বড় মসজিদের সামনে ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেনারসি ব্যবসায়ী কুমকুম এন্টারপ্রাইজের কর্মচারী রাহাত ও সজিব ১১ নম্বর ব্র্যাক ব্যাংক থেকে ১৫ লাখ টাকা উত্তোলন করে অটো রিকশায় দোকানের উদ্দেশে রওয়ানা দেন। সাড়ে ৩টার দিকে ওই কর্মচারীরা দোকানের কাছাকাছি ঢালের ওপর বড় মসজিদের সামনে পৌঁছালে অজ্ঞাতনামা চার ব্যক্তি ২টি মোটরসাইকেলে এসে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পুলিশের একটি সূত্র জানায়, দোকানের কর্মচারী ও অটোরিকশা চালকের যোগসাজশে ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছে।
কুমকুম এন্টারপ্রাইজের মালিক নাদিম বলেন, বিষয়টি পল্লবী থানা পুলিশকে জানানো হয়েছে।
ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকার বলেন, জড়িতদের শনাক্তে কাজ চলছে।
