বগুড়ার সারিয়াকান্দিতে যাত্রীবেশে চালক আবদুল মান্নানকে (৪৮) হত্যার পর তার সিএনজিচালিত অটোরিকশা ছিনিয়ে নেওয়া হয়েছে। সোমবার দুপুরে উপজেলার কামালপুর ইউনিয়নের দড়িপাড়া কৈখালী এলাকায় রাস্তার পাশে তার লাশ পাওয়া গেছে। সারিয়াকান্দি থানার ওসি এ তথ্য দিয়েছেন। পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, নিহত মান্নান গাবতলী উপজেলার বালিয়াদীঘি ইউনিয়নের মালিয়ানডাঙ্গা গ্রামের আফজাল হোসেন মোল্লার ছেলে। তিনি ইসলামী সমাজ নামে একটি রাজনৈতিক দলের বগুড়া জেলা শাখার নেতা ছিলেন। মান্নান বগুড়া মহানগরীর চেলোপাড়া স্ট্যান্ড থেকে সারিয়াকান্দিসহ বিভিন্ন রুটে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তিনি প্রতিদিনের মতো রোববার সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। সহকর্মীরা সবশেষ রাত সাড়ে ৯টার দিকে তাকে চেলোপাড়া সিএনজি অটোরিকশা স্ট্যান্ডে দেখেছেন। এরপর আর বাড়ি না ফেরায় সোমবার সকাল থেকে পরিবারের সদস্য ও সহকর্মীরা বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বেলা ১১টার দিকে সারিয়াকান্দির কামালপুর ইউনিয়নের দড়িপাড়া কৈখালী বিল এলাকায় রাস্তার পাশে তার পড়ে থাকা লাশ দেখতে পাওয়া যায়। খবর পেয়ে দুপুরে সারিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে সেখান থেকে অটোরিকশা চালক মান্নানের লাশটি উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠায়।
সারিয়াকান্দি থানার ওসি আফম আসাদুজ্জামান জানান, যাত্রীবেশে ছিনতাইকারীরা বগুড়ার চেলোপাড়া স্ট্যান্ড থেকে মান্নানের অটোরিকশায় ওঠে। পথিমধ্যে কোথাও তাকে শ্বাসরোধে হত্যার পর লাশ ওই স্থানে ফেলে অটোরিকশা নিয়ে যায়। দুর্বৃত্তরা তার মোবাইল ফোনটিও নিয়ে গেছে। ওসি আরও জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।
