বলিউড নির্মাতা সঞ্জয় লীলা বানসালির মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’র শুটিং সেটে এক শ্রমিকের মৃত্যুর ঘটনায় আবারও কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিডব্লিউএ)। সংগঠনটির সভাপতি সুরেশ গুপ্ত অভিযোগ করেছেন, নিরাপত্তা বিধি যথাযথভাবে অনুসরণ না করার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ১৭ জুন ভোররাতে শুটিং চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৪২ বছর বয়সি কাঠমিস্ত্রি চন্দ্রধারী সিং যাদবের মৃত্যু হয়। এ ঘটনায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাদনাবিসের কাছে বানসালির বিরুদ্ধে এফআইআর দায়ের, মৃতের পরিবারকে ১ কোটি রুপি ক্ষতিপূরণ এবং উচ্চপর্যায়ের তদন্তের দাবি জানানো হয়েছে। সুরেশ গুপ্তা দাবি করেন, বানসালির আগের কয়েকটি সিনেমার সেটেও একই ধরনের প্রাণহানির ঘটনা ঘটেছে।