বন্দরে হোসিয়ারি শ্রমিক জোবায়ের হত্যা মামলায় নাক্কী সজিবকে গ্রেফতার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার অভিযান চালিয়ে যাত্রাবাড়ী থানাসংলগ্ন ডেমরা হাইওয়ের পাশে প্রিন্স রেস্তোরাঁর সামনে থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতার নাক্কী সজিব বন্দরের কল্যান্দী খালপাড় এলাকার দিদার হোসেনের ছেলে। নিহত জোবায়ের বন্দরের এনায়েতনগরের জাহাঙ্গীর হোসেনের ছেলে। র‌্যাব-১১ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাজীপুরের একটি হোসিয়ারিতে শ্রমিকের কাজ করতেন জোবায়ের। গত ৩ জুন কাজ শেষে বাড়ি ফেরার পথে এনায়েতনগর কল্যান্দী ভাঙা ব্রিজের উত্তর পাশের ঢালে ওঁৎ পেতে থাকা ছিনতাইকারীরা জোবায়েরর পথরোধ করে। তারা জোবায়েরকে ছুরিকাঘাত করে মোবাইল ফোন এবং নগদ তিন হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনার চার দিন পর চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান জোবায়ের।