সোনারগাঁ-র মেঘনা শিল্পনগরীর গঙ্গানগর থেকে ছিনতাইকৃত কাভার্ডভ্যান ভর্তি ৭৫০ কার্টন সয়াবিন তেল গাজীপুরের কালিয়াকৈর থেকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত সয়াবিন তেলের মূল্য প্রায় ২৫ লাখ টাকা। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ কাভার্ডভ্যানের চালক আল আমিন গাজীকে (৩০) গ্রেফতার করে। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত কাভার্ডভ্যানের চালককে শনিবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ৬ জুলাই বিকাল সাড়ে ৫টার দিকে সোনারগাঁ-র পিরোজপুরের গঙ্গানগরের মেঘনা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ফ্রেশ সয়াবিন তেল কারখানা থেকে রংপুরের উদ্দেশ্যে কাভার্ডভ্যান (সিলেট-ট-১১-০৬৫৮) ৭৫০ কার্টন সয়াবিন তেল নিয়ে রওনা হয়। চালক আল আমিন গাজী কার্টন ভর্তি সয়াবিন তেলের গাড়ি নির্ধারিত গন্তব্যে না নিয়ে তা ছিনতাইয়ের উদ্দেশ্যে আত্মগোপনে চলে যায়। এ ঘটনায় কাভার্ডভ্যান ভাড়া দেওয়া ফাহিমা ই-ট্রান্সপোর্টের ম্যানেজার হাছান আলী বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি প্রতারণার মামলা করেন। মামলার পর সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ারের নেতৃত্বে একটি পুলিশের দল তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ও গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকালে গাজীপুরের কালিয়াকৈর থেকে অভিযুক্ত কাভার্ডভ্যানের চালককে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সাভারের আমিনবাজারে অভিযান চালিয়ে ৭৫০ কার্টন সয়াবিন তেল ও কাভার্ডভ্যানটি উদ্ধার করে।


