বাউফল পৌর শহরের একটি বাসা থেকে ইসরাত জাহান নিশি (২৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে পুলিশ দরবেশ মিয়া সড়কের একটি বাসার দোতলা থেকে তার লাশ উদ্ধার করে। পুলিশ সূত্র জানায়, ১৪ এপ্রিল নিশির সঙ্গে দরবেশ মিয়া সড়কের মনিরুল ইসলাম ঢালীর বিয়ে হয়। নিশি ভোলা জেলার লালমোহন উপজেলার দেউলা এলাকার নাসির মোল্লার মেয়ে। মনিরুল ইসলাম আমেরিকার দ্বৈত নাগরিক। আগামী ২৪ জুলাই তার আমেরিকা যাওয়ার কথা ছিল। মনিরুল ইসলামের দ্বিতীয় বিয়ে এটি। আগের স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদ হওয়ার দীর্ঘদিন পর মনির নিশিকে বিয়ে করেন। বিয়ের পর থেকে মনিরুলের সঙ্গে তার স্ত্রীর দাম্পত্য কলহ তৈরি হয়। শুক্রবার রাতে দুজনের মধ্যে ঝগড়ার পর তারা পৃথক রুমে ঘুমোতে যান। সকালে ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজা ভেঙে নিশিকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ নিশির লাশ উদ্ধার করে। ওসি সিরাজুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
