পানিতে ডুবে বরগুনার তালতলীতে জেলে এবং নাটোরের নলডাঙ্গায় এক শিশুর মৃত্যু হয়েছে। মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদীতে এক ব্যক্তি এবং সুনামগঞ্জের মধ্যনগরে হাওড়ে এক কিশোর নিখোঁজ হয়েছে। যুগান্তর প্রতিনিধিদের পাঠানো খবর : বৈরি আবহাওয়ায় বঙ্গোপসাগরে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ জেলে আবুল কালাম পাইকারের লাশ শনিবার বিকালে উদ্ধার করা হয়েছে। আবুল কালাম বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের ছোটআমখোলা গ্রামের বাসিন্দা। নাটোরের নলডাঙ্গায় পুকুরে ডুবে ফাতেমা খাতুন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নলডাঙ্গা পৌরসভার কুটিরপাড়া এলাকায় রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। ফাতেমা খাতুন কুটিরপাড়া এলাকার মো. ফিরোজ হোসেনের মেয়ে। মৌলভীবাজারের কমলগঞ্জে গরুর জন্য ঘাস কেটে ধলাই নদী দিয়ে সাঁতার কেটে বাড়ি ফেরার পথে মাসুক মিয়া নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। মাধবপুর ইউনিয়নের হিরামতি এলাকায় শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ মাসুক মিয়া হিরামতি গ্রামের মৃত আজিজ মিয়ার ছেলে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (শনিবার বিকাল ৪টা) তার সন্ধান পাওয়া যায়নি। সুনামগঞ্জের মধ্যনগরে হাওড়ে মাছ ধরতে গিয়ে জয় সরকার নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। সদর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে বাড়ির পাশের হাওড়ে শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। জয় সরকার নোয়াপাড়া গ্রামের বিনয় সরকারের ছেলে।