দৌলতখানে চাঞ্চল্যকর লিটন নায়েব (৩২) হত্যা মামলার দুই নম্বর আসামি শাহাবুদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে ঘটনার চার মাস পেরিয়ে গেলেও প্রধান আসামি ইয়াসিন বেগম এখনো পলাতক। শুক্রবার রাতে ভোলা সদর এলাকায় অভিযান চালিয়ে দৌলতখান থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। শাহাবুদ্দিন উপজেলার চরখলিফা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নুর ইসলামের ছেলে।

জানা গেছে, ১৩ মার্চ চরখলিফা ইউনিয়নের নায়েব বাড়িতে লিটন নায়েবকে নির্মমভাবে হত্যা করা হয়। পরে প্রতিবেশী ইয়াসমিনের নির্মাণাধীন সেপটিক ট্যাংকের ভেতর থেকে বালুচাপা অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা হারুন নায়েব বাদী হয়ে দৌলতখান থানায় হত্যা মামলা করেন। ওসি ফখরুল ইসলাম জানান, গ্রেফতার আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ঘটনার রহস্য উদ্ঘাটন ও অন্যান্য তথ্য সংগ্রহের জন্য আদালতে রিমান্ড আবেদন করা হবে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।