স্ত্রীর সঙ্গে দেখা করতে শ্বশুরবাড়িতে গিয়ে মামুন নামে প্রবাসীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মামুন মিয়া মাদারগঞ্জের গুনারীতলা ইউনিয়নের জোড়খালি গ্রামের বাসিন্দা। শুক্রবার সন্ধ্যায় মাদারগঞ্জ সারিয়াকান্দি সীমানা সংলগ্ন জামথল গ্রামের শ্বশুরবাড়ির অদূরে তাকে প্রায় অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়। বোন ফাতেমা বেগম জানান, গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাদারগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে জামালপুরের রেফার করে। জামালপুরে পৌঁছার আগেই মামুনের মৃত্যু হয়। জানা গেছে, প্রবাসী মামুন তিন বছর আগে মোবাইলে জামথল গ্রামের দুলাল মিয়ার মেয়ে সীমা বেগমকে বিয়ে করেন। কিছুদিন আগে তিনি দেশে এসে সীমাকে নিজ বাড়িতে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। মামুনের বোন ফাতেমা বেগম জানান, মামুনকে হাসপাতালে নেওয়ার সময় জানিয়েছে, তাকে মারধর করে বিষ খাওয়ানো হয়েছে। এ ঘটনায় শনিবার বিকালে নিহতের স্বজনরা সারিয়াকান্দি থানায় মামলার জন্য গিয়েছেন বলে জানা গেছে।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্নেহাশীষ রায় জানান, ঘটনা ঘটেছে মাদারগঞ্জের সীমান্তবর্তী সারিয়াকান্দি জামথল গ্রামে। যে কারণে সারিয়াকান্দি থানায় মামলা দিতে বলা হয়েছে।