টাঙ্গাইলের কুইজবাড়ী গ্রামে মাসুদ মিয়া (৪৫) নামে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করে কান কেটে নেওয়ার ঘটনায় পাঁচজন গ্রেফতার হয়েছে। ওই ব্যবসায়ীর সঙ্গে এক নারীর দীর্ঘদিনের পরকীয়া সম্পর্কের জেরে এ হত্যাকাণ্ড হয়েছে বলে জানা গেছে। বিষয়টি নারীর ছেলেরা জানার পর ওই ব্যবসায়ীকে হত্যার করে। গ্রেফতাররা হলো- কুইজবাড়ী পশ্চিমপাড়ার মৃত শওকত আলীর স্ত্রী মোছা. হনুফা বেগম ও ছেলে মো. হুমায়ুন, নূর মোহাম্মদ, মো. বাবু এবং কুইজবাড়ী দক্ষিণপাড়ার মো. আয়নাল হক। হত্যায় ব্যবহৃত একটি হাতুড়ি উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে টাঙ্গাইল সদর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন সংবাদ সম্মেলনে জানান, গত রোববার ব্যবসায়ী মাসুদ রানার লাশ সড়কের পাশ থেকে উদ্ধারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য হনুফাকে আটক করা হয়। তিনি হত্যার বিষয়টি স্বীকার করায় তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাকি আসামিদের বিভিন্ন সময় গ্রেফতার করা হয়। আসামিরা শুক্রবার আদালতে নিজেদের দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।