মতলব উত্তর উপজেলায় মাসুম বকাউল নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। হামলায় তার দুই পাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে। বর্তমানে তিনি ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, অস্ত্রোপচারের পরই নিশ্চিত হওয়া যাবে তার একটি বা উভয় পা অক্ষত রাখা সম্ভব হবে কি না। এ কারণে পরিবারে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। শুক্রবার রাত প্রায় ৮টার দিকে একলাছপুর ইউনিয়নের চরকাশিম গ্রামে এ হামলার ঘটনা ঘটে। জানা যায়, বাজার থেকে বাড়ি ফেরার পথে মাসুম বকাউলকে একা পেয়ে ধারালো দেশীয় অস্ত্র নিয়ে একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তার দুই পাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপ দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, কয়েক বছর আগে মাসুম বকাউলের সঙ্গে স্থানীয় একটি গ্রুপের বিরোধ ছিল। পরে জীবিকার তাগিদে তিনি বিদেশে চলে যান। কয়েকদিন আগে দেশে ফিরে আসার পর শুক্রবার রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে তার ওপর এ হামলা চালানো হয়ে থাকতে পারে। তবে ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে। আহত মাসুমের বাবা জামাল বকাউল বলেন, ‘আমরা হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’ থানার ওসি মো. কামরুল হাসান বলেন, এখন পর্যন্ত আহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।