সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অবস্থিত ‘প্রিন্সিপাল হান্ড্রেড প্লাজা’ নামক শপিংমলের একটি মোবাইলের দোকান থেকে ১৪৬টি মোবাইল ফোন ও টাকা চুরির ঘটনায় জড়িত আন্তঃজেলা চোরচক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শনিবার দিনব্যাপী কাঁচপুর, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ এ চুরির ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে সক্ষম হয়। তবে গ্রেফতাররা মোবাইল ফোন ও ছয় লাখ টাকা চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করলেও খোয়া যাওয়া মোবাইল ফোন ও টাকা-পয়সা এখনো পর্যন্ত উদ্ধার করতে পারেনি পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ার। গ্রেফতাররা হলেন মো. বাবু মিয়া, মো. ইছহাক ওরফে সাগর, মো. কামাল হোসেন, আলমগীর হোসেন, মো. জামাল হোসেন, আলাউদ্দিন মিয়া, মো. সুমন মিয়া, রুবেল মিয়া ও আলামিন মিয়া। জানা যায়, গত ১২ জুন সকালে আমিনুল টেলিকম নামের একটি মোবাইল ফোনের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে।