রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে বিদ্যুতের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. হায়দার হোসেন নামে এক বিদ্যুৎকর্মীর মৃত্যু হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৪টায় অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হায়দার ঝালকাঠির রাজাপুর উপজেলার পূর্ব ফুলহার গ্রামের মো. মহসিন ফরাজির ছেলে। তিনি রাজধানীর উত্তর বাড্ডা এলাকায় বসবাস করতেন এবং ডেসকোর ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে বিদ্যুৎকর্মী হিসাবে কাজ করতেন। হায়দারকে হাসপাতালে নিয়ে আসা মো. শুক্কুর আলী জানান, শনিবার দুপুর আড়াইটায় কড়াইল বস্তিতে বিদ্যুতের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার সময় হায়দার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।