বাংলাদেশের দর্শকদের জন্য সুখবর। তুরস্কের জনপ্রিয় ঐতিহাসিক মেগাসিরিজ ‘কুদুস ফাতিহি সেলাহাদিন আইয়ুবি’ এবার বাংলা ভাষায় দেখা যাবে। নাগরিক টিভি ও বঙ্গ-এর যৌথ উদ্যোগে আগামী ২ আগস্ট থেকে সিরিজটির বাংলা সংস্করণ প্রচার শুরু হবে।এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। আয়োজকদের জানানো তথ্য অনুযায়ী, প্রতি রোববার থেকে বৃহস্পতিবার রাত ৮টায় নাগরিক টিভিতে এবং রাত ৯টায় বঙ্গ প্ল্যাটফর্মে সিরিজটি প্রচারিত হবে।দ্বাদশ শতাব্দীর ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত এই মেগাসিরিজে মুসলিম বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বীর সালাহউদ্দিন আইয়ুবি-এর জীবন, সংগ্রাম ও নেতৃত্বের কাহিনি তুলে ধরা হয়েছে। এতে ক্রুসেডারদের দখল থেকে জেরুজালেম পুনরুদ্ধারের অভিযান, মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করার প্রচেষ্টা, রাজনৈতিক দূরদর্শিতা, সামরিক বীরত্ব এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার বিভিন্ন অধ্যায় স্থান পেয়েছে। তুরস্কে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া এই সিরিজটি বিশাল সেট, দৃষ্টিনন্দন সিনেমাটোগ্রাফি এবং চমকপ্রদ অ্যাকশন দৃশ্যের জন্য দর্শক ও সমালোচকদের প্রশংসা অর্জন করেছে। বাংলা ভাষায় প্রচারের মাধ্যমে দেশের দর্শকদের কাছেও এটি নতুনভাবে উপভোগ করার সুযোগ তৈরি হচ্ছে।
সংবাদ সম্মেলনের শেষ পর্বে সিরিজটির বাংলা সংস্করণের অফিশিয়াল ট্রেলার ও পোস্টার উন্মোচন করা হয়। পাশাপাশি উপস্থিত সাংবাদিকদের জন্য র্যাফেল ড্রের আয়োজন করা হয়। এতে বিজয়ীদের মধ্যে এসি, টেলিভিশন ও স্মার্টফোনসহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।








