দেশের চলমান বন্যা পরিস্থিতিতে গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগে একটি বিশেষ নিয়ন্ত্রণ কক্ষ (কন্ট্রোল রুম) চালু করা হয়েছে। ৩১ জুলাই পর্যন্ত এই নিয়ন্ত্রণ কক্ষ থেকে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও সমন্বয় করা হবে। সোমবার বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে জারি করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
বিদ্যুৎ বিভাগের সিনিয়র সহকারী সচিব মাসুদুর রহমান মাসুদ স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, রাজধানীর বিদ্যুৎ ভবনে স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষটি সরকারি ছুটিসহ প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত চালু থাকবে। তবে জরুরি প্রয়োজন দেখা দিলে নির্ধারিত সময়ের পরও মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ অব্যাহত থাকবে। নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন নম্বর ০২-৪৭১২০৩০৯ এবং মোবাইল নম্বর ০১৭৩৯-০০০২৯৩।
অফিস আদেশে আরও বলা হয়েছে, নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্ব পালনের জন্য বিদ্যুৎ বিভাগের ১৯ জন কর্মকর্তা-কর্মচারীকে দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্ব পালনকালে দেশের কোথাও বিদ্যুৎ সরবরাহে সমস্যা দেখা দিলে সংশ্লিষ্ট বিতরণ সংস্থা বা কোম্পানির ফোকাল পয়েন্ট কর্মকর্তাদের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করে দ্রুত সমাধানের ব্যবস্থা নিতে হবে। প্রয়োজন হলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে। একই সঙ্গে বিদ্যুৎ বিভাগের সমন্বিত হটলাইন ১৬৯৯৯-এর সঙ্গে সার্বিক যোগাযোগ বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া কোনো কর্মকর্তা বা কর্মচারী অনিবার্য কারণে নির্ধারিত দিনে দায়িত্ব পালন করতে না পারলে নিজ দায়িত্বে অন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা কর্মচারীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে বন্যা ও টানা বৃষ্টিপাতের কারণে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বিদ্যুৎ বিতরণব্যবস্থায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিতরণ কোম্পানির সূত্রে জানা যায়, তিন পার্বত্য জেলায় ১৪২টি বৈদ্যুতিক খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি কক্সবাজারসহ পুরো চট্টগ্রাম অঞ্চলে বিদ্যুতের চাহিদা স্বাভাবিক সময়ের প্রায় ১ হাজার ১০০ মেগাওয়াট থেকে কমে বর্তমানে প্রায় ৬০০ মেগাওয়াটে নেমে এসেছে।
পটিয়া পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক নূর মোহাম্মদ বলেন, আমাদের বন্যাকবলিত এলাকায় প্রায় সাত লাখ গ্রাহক রয়েছে। তাদের বেশির ভাগই বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এর মধ্যে বাঁশখালীর নিুাঞ্চলে এখনো পানি থাকায় ১০ হাজার থেকে ১২ হাজার গ্রাহক বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন।







