ডায়াবেটিস নিয়ন্ত্রণে প্রতিদিন ইনসুলিন ইনজেকশন নেওয়ার ঝামেলা কমাতে নতুন আশার খবর এসেছে। বিশ্বের প্রথম সপ্তাহে একবার নেওয়া বেসাল ইনসুলিন ‘আউইক্লি’ বাজারে এনেছে ডেনমার্কের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান নোভো নরডিস্ক।
বিশেষজ্ঞদের মতে, নতুন এই ইনসুলিন ডায়াবেটিস চিকিৎসাকে আরও সহজ ও রোগীবান্ধব করে তুলতে পারে।
আউইক্লির সক্রিয় উপাদান ইনসুলিন আইকোডেক। এটি একটি দীর্ঘস্থায়ী বেসাল ইনসুলিন, যা শরীরে সাত দিন ধরে ধীরে ধীরে ইনসুলিন সরবরাহ করে।
ফলে প্রতিদিন ইনজেকশন নেওয়ার পরিবর্তে সপ্তাহে মাত্র একটি ইনজেকশনই যথেষ্ট হতে পারে। এটি শরীরের মৌলিক ইনসুলিনের চাহিদা পূরণ করে এবং রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে সহায়তা করে।
বিশেষজ্ঞরা জানান, ইনজেকশন দেওয়ার পর ইনসুলিন আইকোডেক রক্তের অ্যালবুমিন নামের একটি প্রোটিনের সঙ্গে যুক্ত হয়। এরপর সেখান থেকে ধীরে ধীরে সাত দিন ধরে ইনসুলিন নিঃসৃত হয়। তবে এটি খাবারের পর হঠাৎ বেড়ে যাওয়া রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে না। তাই অনেক রোগীকেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মুখে খাওয়ার ওষুধ বা দ্রুত কার্যকর ইনসুলিন চালিয়ে যেতে হতে পারে।
প্রতিদিন ইনসুলিন নেওয়ার ঝামেলায় অনেক রোগী নিয়মিত চিকিৎসা অনুসরণ করতে পারেন না। ফলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়ে। সপ্তাহে একবার ইনজেকশনের সুবিধা চিকিৎসা মেনে চলার হার বাড়াতে এবং দীর্ঘমেয়াদে ডায়াবেটিস নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এই ইনসুলিন মূলত ইনসুলিন প্রয়োজন এমন টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত প্রাপ্তবয়স্ক এবং চিকিৎসকের তত্ত্বাবধানে থাকা কিছু টাইপ-১ ডায়াবেটিস রোগীর জন্য উপযোগী।
ফের ভারি বর্ষণের আভাস, ২৭ ঘণ্টায় ঢাকায় কত মিলিমিটার বৃষ্টি হলো
তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া নতুন ইনসুলিন শুরু করা বা আগের ইনসুলিন বন্ধ করা উচিত নয়। অন্যান্য ইনসুলিনের মতোই এতে রক্তে শর্করা অতিরিক্ত কমে যাওয়ার ঝুঁকি রয়েছে। তাই প্রয়োজন অনুযায়ী চিকিৎসকই ওষুধের মাত্রা নির্ধারণ করবেন।
The post প্রতিদিন নয়, সপ্তাহে একবার ইনসুলিনেই নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস appeared first on ZoomBangla.





