বেগমগঞ্জে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু হয়েছে। সাতকানিয়ায় নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। সদরপুরে কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিরা জানান : নোয়াখালীর বেগমগঞ্জে আবুল মালেক মাবুদ (৭৫) নামে এক বৃদ্ধের রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার কালিকাপুর গ্রামের নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মাবুদ উপজেলার গোপালপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের মুন্সিবাড়ির বাসিন্দা ছিলেন। জানা যায়, মাবুদ দুইবার বিয়ে করলেও কোনো সংসার দীর্ঘস্থায়ী হয়নি। তিনি নিঃসন্তান থাকায় দীর্ঘদিন ধরে একাকী জীবন যাপন করছিলেন। ওসি মো. শামসুজ্জামান বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। চট্টগ্রামের সাতকানিয়ায় নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে মো. ইলিয়াছ (৭০) নামে এক বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার ছদাহা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব ছৈয়দাবাদ গ্রামের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ইলিয়াছ ওই এলাকার মৃত মোখলেছুর রহমানের ছেলে। শনিবার রাতে বাড়ি থেকে বেরিয়ে তিনি নিখোঁজ হন। সোমবার সকালে স্থানীয়রা পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মদ্যপ অবস্থায় পুকুরে পড়ে তার মৃত্যু হয়েছে। ফরিদপুরের সদরপুরে নাছরিন আক্তার (১৩) নামে এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। রোববার উপজেলার ভাষানচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ছমির হাজীর কান্দী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাছরিন আক্তার ওই গ্রামের মো. বুলু মুন্সি ও মোছা. নাজমা আক্তারের মেয়ে। নাছরিন ছোটবেলা থেকেই মানসিক ভারসাম্যহীন ছিল।