পানিতে ডুবে কুড়িগ্রামের উলিপুর শিশু, চট্টগ্রামের বোয়ালখালীতে যুবক, পটুয়াখালীর গলাচিপায় বুদ্ধিপ্রতিবন্ধী ও মধ্যনগরে শিশুর মৃত্যু হয়েছে। যুগান্তর প্রতিনিধিদের পাঠানো খবর : চট্টগ্রামের বোয়ালখালীর উপজেলার জ্যৈষ্ঠপুরা ইউনিয়নের ভান্ডালজুড়ি এলাকায় কর্ণফুলী নদী থেকে নিখোঁজ যুবক সোলায়মানের লাশ সোমবার উদ্ধার করা হয়েছে। মৃত সোলায়মান রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের বাসিন্দা। সূত্র জানায়, শনিবার সকালে নদীর উজান থেকে ভেসে আসা লাকড়ি সংগ্রহ করতে সোলেমান কর্ণফুলী নদীর তীরে যান। একপর্যায়ে নদীর তীব্র স্রোত ও পানির টানে তিনি নদীর গভীরে তলিয়ে যান। কুড়িগ্রামের উলিপুরে পানিতে ডুবে সাইফান নামের দেড় বছরের (১৮ মাস) এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, সোমবার দুপুরে উপজেলার কেবলকৃষ্ণ এলাকায়। গুনাইগাছ ইউনিয়নের মহিদেব এলাকার লিমন মিয়ার ছেলে সাইফান পরিবারের সঙ্গে ফুফা রিজু মিয়ার কেবলকৃষ্ণ এলাকার বাড়িতে বেড়াতে আসে। ওই দিন ফুফার বাড়ির উঠানে শিশু সাইফান খেলাধুলা করছিল। হঠাৎ করেই সবার অগোচরে বাড়ির পাশে থাকা পুকুরে পড়ে যায়। তাকে দেখতে না পেয়ে স্বজনরা তার খোঁজখবর করতে থাকেন। পরে সাইফানকে পুকুরে পানিতে ভাসতে দেখে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন। পটুয়াখালীর গলাচিপায় উপজেলার আমখোলা ইউনিয়নে খালে পড়ে মো. মামুন নামে এক বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার আমখোলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দরিবাহেরচর এলাকার মসজিদসংলগ্ন খালে এ দুর্ঘটনা ঘটে। মৃত মামুন দরিবাহেরচর গ্রামের আলমগীর ডালিম ও আখলিমা দম্পতির ছেলে। জানা যায়, ওইদিন বাড়ির পাশের মসজিদসংলগ্ন খালের ওপর পারাপারের সময় হঠাৎ পা পিছলে পানিতে পড়ে যান মামুন। পরে স্থানীয়রা তাকে খুঁজতে শুরু করলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে মামুনের লাশ উদ্ধার করে। সুনামগঞ্জের মধ্যনগরের সাউদপাড়া গ্রামে সোমবার বাড়ির পেছনে ডোবায় পড়ে শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের দিনমজুর জলিল মিয়ার ছেলে। উঠানে খেলার এক পর্যায়ে সে ডোবায় পড়ে যায়।








