যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাশী বাংলাদেশিদের আবেদন ফরমে বাধ্যতামূলকভাবে সামাজিক যোগাযোগমাধ্যমের সঠিক তথ্য উল্লেখ করতে হবে বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। সোমবার দূতাবাসের নিজস্ব ওয়েবসাইটে নতুন নির্দেশনার এ তথ্য জানানো হয়েছে।

বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারীদের ডিএস-১৬০ আবেদন ফরমে গত পাঁচ বছরে ব্যবহৃত সব সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারী নাম (ইউজারনেম) বা হ্যান্ডেল উল্লেখ করা বাধ্যতামূলক। একই সঙ্গে ফরমে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য গোপন করলে আবেদন প্রত্যাখ্যান হওয়ার পাশাপাশি ভবিষ্যতে ভিসা পাওয়ার অযোগ্যতাও তৈরি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

দূতাবাস আরও জানায়, আবেদনপত্রে দেওয়া সব তথ্য সঠিক, সম্পূর্ণ ও সত্য বলে প্রত্যয়ন করেই আবেদনকারী তাতে স্বাক্ষর করে জমা দেবেন।