কয়েক দিন ধরেই টালিউডে গুঞ্জন চলছিল, অভিনেত্রী সোহিনী সরকার কি মা হতে চলেছেন? অবশেষে সেই জল্পনার অবসান ঘটালেন সোহিনী ও তার স্বামী সংগীতশিল্পী শোভন গঙ্গোপাধ্যায়। বিবাহবার্ষিকীর দিনই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন জীবনের সবচেয়ে আনন্দের খবর। জানালেন, তাদের পরিবারে আসছে নতুন সদস্য।
আজ (১৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করেন এই তারকা দম্পতি। ছবিতে সাদা কুর্তি ও খোলা চুলে লাল ফুল গোঁজা সাজে দেখা যায় সোহিনীকে। তার বেবি বাম্পও স্পষ্টভাবে ধরা পড়েছে। পাশে ছিলেন শোভন, আকাশি রঙের পাঞ্জাবিতে।
ছবির ক্যাপশনে তারা লেখেন, ‘তিন বছরের বিবাহবার্ষিকীতে, আমরা দুই থেকে তিনের পথে।’ এই একটি বাক্যেই স্পষ্ট হয়ে যায়, প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন তারা।
আরও পড়ুন
বারবার বাধার মুখে সালমানের ‘মাতৃভূমি’, কবে মুক্তি পাচ্ছে সিনেমাটি?
পোস্টটি প্রকাশের পরপরই শুভেচ্ছায় ভরে যায় মন্তব্যের ঘর। ভক্তদের পাশাপাশি টালিউডের অনেক তারকাও শুভকামনা জানিয়েছেন এই দম্পতিকে। অভিনেত্রী অলিভিয়া সরকার লিখেছেন, ‘আমি আনন্দে চিৎকার করছি। তোমাদের দুজনের জন্য অনেক ভালোবাসা।’ সুস্মিতা চট্টোপাধ্যায় লিখেছেন, ‘অনেক ভালোবাসা, দিদি।’ এছাড়া মিমি চক্রবর্তী, শ্রীময়ী চট্টরাজ, ঋদ্ধিমা ঘোষ, অনিন্দিতা রায়চৌধুরীসহ অনেকেই অভিনন্দন জানিয়েছেন।
২০২৪ সালের ১৫ জুলাই ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের বন্ধনে আবদ্ধ হন সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায়। পুরো আয়োজনটি ছিল একেবারেই ঘরোয়া। বিয়ের পর সোহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, ‘আগলে রাখব, যত্নে থাকব।’ এক বছর পর সেই বিশেষ দিনেই জীবনের নতুন অধ্যায়ের ঘোষণা দিলেন তারা।
এর আগে চলতি বছরের জুন মাসে সোহিনীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়িয়ে পড়লেও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি এই দম্পতি। ঘনিষ্ঠ সূত্র জানিয়েছিল, চলতি বছরই তাদের ঘরে নতুন অতিথি আসবে। অবশেষে সেই খবরই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করলেন তারা।
আরও পড়ুন
গুঞ্জনের অবসান, রাজনীতি নিয়ে স্পষ্ট বার্তা জুনিয়র এনটিআরের
প্রসঙ্গত, সর্বশেষ ‘ফেরা’ সিনেমায় অভিনয় করেছেন সোহিনী সরকার। এরপর বেশ কিছুদিন তাকে নতুন কোনো কাজের ঘোষণা দিতে দেখা যায়নি। ফলে তার ব্যক্তিগত জীবন নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছিল। এবার সব গুঞ্জনের অবসান ঘটিয়ে বিবাহবার্ষিকীতেই সুখবর জানালেন সোহিনী ও শোভন।
এমএমএফ








