বিশ্বকাপ ফুটবল এলেই সমর্থকদের উন্মাদনার পাশাপাশি সামনে আসে নানা বিশ্বাস, কুসংস্কার আর মজার সব গল্প। কেউ নির্দিষ্ট জার্সি পরে খেলা দেখেন, কেউ আবার একই জায়গায় বসে পুরো ম্যাচ উপভোগ করেন। তবে অভিনেত্রী ও মডেল মুমতাহিনা চৌধুরী টয়ার অভিজ্ঞতা যেন একটু ব্যতিক্রম।
নিজের দাবি, তিনি যে দলকেই সমর্থন করেন, শেষ পর্যন্ত সেই দলই বিশ্বকাপ থেকে বিদায় নেয়। আর এ কারণেই অনেকেই তাকে মজা করে ‘কুফা ভক্ত’ বলেও ডাকতে শুরু করেছেন।
বুধবার (১৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা এক ভিডিওবার্তায় নিজের এমন অভিজ্ঞতার কথা তুলে ধরেন টয়া। তিনি জানান, এবারের বিশ্বকাপে শুরু থেকেই একের পর এক সমর্থন করা দল বিদায় নেওয়ায় বিষয়টি নিয়ে তিনি নিজেই বেশ অবাক।
টয়ার ভাষ্য, বিশ্বকাপের শুরুতে বরাবরের মতো তিনি জার্মানির সমর্থনে ছিলেন। কিন্তু প্রিয় দলটি রাউন্ড অব ৩২-এ প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। এরপর তিনি ব্রাজিলকে সমর্থন করেন, কিন্তু সেই দলও টিকতে পারেনি। জাপানের দুর্দান্ত পারফরম্যান্সের আশায় থাকলেও তাদের যাত্রাও বেশিদূর এগোয়নি।
আরও পড়ুন
‘চেয়ারে বসলেই কি মানুষের বুদ্ধি-বিবেক লোপ পায়', প্রশ্ন চমকের
একের পর এক এমন ঘটনার পর নিজের সমর্থন নিয়েই প্রশ্ন তুলেছেন এই অভিনেত্রী। ভিডিওতে তিনি বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি, এবার বিষয়টাকে সিরিয়াসভাবে পরীক্ষা করে দেখব। পরবর্তী যে দলটাকে সমর্থন করব, সেই দলও যদি বাদ পড়ে যায়, তাহলে মেনে নেব সমস্যাটা সত্যিই আমার! তাই এবার আমি আর্জেন্টিনাকেই সমর্থন করব। যদি আর্জেন্টিনা হেরে যায়, ফাইনালে উঠতে না পারে কিংবা শেষ পর্যন্ত বিশ্বকাপ জিততে ব্যর্থ হয়, তাহলে নিজেকে কুফা ভক্ত হিসেবেই মেনে নেব।’
হাস্যরসের সুরে টয়া আরও বলেন, ‘আর্জেন্টিনাও যদি আমার সমর্থনের পর হেরে যায়, তাহলে এরপর থেকে ফুটবল খেলাই দেখা বন্ধ করে দেব। যদিও একজন ফুটবলপ্রেমী হিসেবে সেটা আমার জন্য খুবই কষ্টের। কারণ আমি ফুটবল ভীষণ ভালোবাসি, অথচ বারবার আমার সমর্থন করা দলগুলো টুর্নামেন্ট থেকে বিদায় নিচ্ছে।’
তিনি জানান, শুধু সামাজিক যোগাযোগমাধ্যমেই নয়, আশপাশের অনেক মানুষও তাকে ‘কুফা ভক্ত’ বলে সম্বোধন করছেন। তবে বিষয়টিকে তিনি আপাতত একটি মজার ‘নিরীক্ষা’ হিসেবেই দেখছেন। একই সঙ্গে সবার উদ্দেশে অনুরোধ জানিয়ে বলেন, ‘এখনই আমাকে কুফা বলবেন না। আগে আমার এই পরীক্ষার ফলাফলটা দেখা যাক।’
আরও পড়ুন
‘শিক্ষার্থীদের চাপ নিতে পারবেন তো?’, সরকারকে তাসরিফ খানের প্রশ্ন
ভিডিওবার্তায় টয়া একই ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হওয়া অন্য ফুটবলপ্রেমীদেরও নিজের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘আমার মতো যদি আর কেউ থাকো, যে দলকে সমর্থন করলেই সেই দল কোনো না কোনোভাবে বাদ পড়ে যায়, তাহলে মন্তব্যে জানাও। তাহলে অন্তত বুঝতে পারব, আমি একা নই, এমন কুফা ভক্তদের একটা দলও আছে।’
ভিডিওর শেষদিকে আবারও মজার ছলে টয়া বলেন, ‘বিষয়টা মজার হলেও একটু কষ্টের। কারণ নিজের পছন্দের দলগুলোর বিদায় দেখা কখনোই আনন্দের নয়। চলুন, এই নিরীক্ষাটা একসঙ্গে করি। দেখা যাক, শেষ পর্যন্ত আমরা সত্যিই কুফা ভক্ত কি না, নাকি সবই কাকতালীয় ঘটনা!’
এমএমএফ








