বাংলা গানের জনপ্রিয় শিল্পী শুভ্র দেবের কালজয়ী গান ‘এ মন আমার পাথর তো নয়’। এটি ইউটিউবে ২ কোটি ৫০ লাখ (২৫ মিলিয়ন) ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে। এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন তিনি।

আরও পড়ুন

নায়িকা রোজিনার পর এবার পৈতৃক ভিটায় মসজিদ নির্মাণ করছেন ববিতা

শুভ্র দেব জানান, কোনো ধরনের বুস্ট বা প্রচারণা ছাড়াই গানটি ২৫ মিলিয়নের বেশি ভিউ পেয়েছে। তার মতে, এটি প্রমাণ করে ভালো কথা, ভালো সুর আর হৃদয়ছোঁয়া বিষণ্ন গানের আবেদন আজও মানুষের মনে অটুট রয়েছে।

স্ট্যাটাসে তিনি লেখেন, ‘এ মন আমার পাথর তো নয়’ গানটি ২৫ মিলিয়ন পার হয়ে গেল কোনো বুস্ট ছাড়াই। আসলে স্যাড সং, ভালো কথা ও সুরের গান এখনো মানুষের হৃদয়ের গভীরে বেঁচে আছে। এটাই আশার কথা।

গানটির সঙ্গে যুক্ত সহশিল্পী ও সংগীতশিল্পীদেরও স্মরণ করেন শুভ্র দেব। তিনি জানান, কিবোর্ডে ছিলেন তার বন্ধু মানাম আহমেদ, লিড গিটারে সেলিম হায়দার, বেস গিটারে ফরিদ, রিদম প্রোগ্রামিং করেন পুলক এবং সাউন্ড ইঞ্জিনিয়ার ছিলেন আজম বাবু। এছাড়া সাউন্ড টেকনিশিয়ান বাবুলের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

গানটির গীতিকার ছিলেন তখনকার তরুণ আহমেদ রিজভী, আর সুর করেছিলেন প্রণব ঘোষ। শুভ্র দেবের ভাষায়, প্রণব ঘোষ অসাধারণ একটি সুর সৃষ্টি করেছিলেন যা সময়ের পরীক্ষায় আজও সমান জনপ্রিয়।

গানটির প্রকাশ-পরবর্তী সাফল্যের স্মৃতিও তুলে ধরেন এই শিল্পী। তিনি জানান, মুক্তির প্রথম ২২ দিনেই প্রায় ৯৪ হাজার কপি অ্যালবাম বিক্রি হয়েছিলো। সে সময়ের জন্য এটি ছিল উল্লেখযোগ্য অর্জন।

শুভ্র দেব আরও জানান, এই গানটি শুনে ভারতের কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী মুগ্ধ হন। পরে তার অভিনীত ‘ভাগ্য দেবতা’ ছবির শিরোনাম সংগীত গাওয়ার জন্য শুভ্র দেবকে আমন্ত্রণ জানানো হয়। সেই ছবিতে তার সঙ্গে কণ্ঠ দেন ভারতের জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক, উদিত নারায়ণ ও অভিজিৎ।

আরও পড়ুন

হঠাৎ আদালতে নায়িকা ববি, ১ হাজার টাকার বন্ডে মিললো জামিন

স্ট্যাটাসের শেষদিকে গানটির জনপ্রিয়তা নিয়ে আবেগ প্রকাশ করে শুভ্র দেব লেখেন, ‘এই গানটি যিনি রিকশা চালান তিনিও জানেন, আবার যিনি ডাক্তারি করেন তিনিও জানেন।’

দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ‘এ মন আমার পাথর তো নয়’ যে এখনও শ্রোতাদের হৃদয়ে একইভাবে জায়গা করে আছে, ২৫ মিলিয়ন ভিউয়ের এই অর্জন যেন তারই আরেকটি প্রমাণ।

 

এলআইএ