ফুটবল বিশ্বকাপ উন্মাদনায় মেতেছেন বিশ্ববাসী। বাংলাদেশের আনাচে-কানাচে ফুটবল ঝড় বইছে। ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমিও এ জ্বরে আক্রান্ত। তার প্রিয় দল ব্রাজিল। বিশ্বকাপ শুরুর আগে থেকেই প্রিয় দলের সমর্থন নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হন হিমি। কখনো ব্রাজিলের শাড়ি পরে জানান দেন—“এবারের চ্যাম্পিয়ন ব্রাজিল।” কখনো প্রিয় পোষ্যকে নেইমারের জার্সি পরিয়ে দলকে সমর্থন জানিয়েছেন।

কখনো ব্রাজিলের জর্সি পরা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে হিমি বলেন—“পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন এবার মিশন হেক্সা জয়!” কখনো কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে নেইমারের সঙ্গে ঘোরাঘুরির ছবি তৈরি করেন হিমি। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রিয় তারকার প্রতি ভালোবাসা প্রকাশ করেন।    

নানা পন্থায় প্রিয় দল ব্রাজিলকে সমর্থন জানিয়েছেন হিমি

তবে হতাশার কথা হলো—ব্রাজিলের মিশন হেক্সা পূর্ণ হয়নি। একটু আগেভাগেই বিশ্বকাপের প্রতিযোগিতার আসর থেকে ছিটকে পড়ে দলটি। তা-ও নরওয়ের কাছে বিশ্বকাপের শেষ ষোলোতে বিদায়ের বাঁশি বেজেছে সেলেসাওদের। বিষয়টি দারুণভাবে হতাশ করেছে হিমিকে। তবে প্রিয় দল বাদ পড়ায় আর্জেন্টিনাকে ‘খোঁচা’ দিয়েই কাটছে হিমির বিশ্বকাপ মৌসুম। 

ফুটবল বিশ্বকাপ নিয়ে হিমির নানামুখী উন্মাদনা দেখা যাচ্ছে। মজার বিষয় হলো, হিমি যে দলেরই সমর্থন জানিয়েছেন, সেই দলই হেরেছে। যেমন: মিশরের জার্সি পরিহিত একটি ছবি পোস্ট করে হিমি লেখেন, “আজকে এক দলের স্বপ্ন যাবে বাড়ি! আর প্রিয় দল মিসরের জন্য শুভকামনা।” এরপর মিসর পরাজয়বরণ করে বিশ্বকাপ থেকে বিদায় নেয়। 

ব্রাজিলের সমর্থক হিমি

এরপর হিমি ফ্রান্সের জার্সি পরে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। আর ক্যাপশনে লেখেন—“প্রিয় দল ফ্রান্সের জন্য শুভকামনা রইলো।” এরপর ফ্রান্স হেরেছে। তারপর কামরুল নামে একজন তার পোস্টে মন্তব্য করেন—“আপু যেই দলরে শুভকামনা জানায়, সেই দলই বাদ যায়।” এর আগে কেপ ভার্দের গোলকিপারের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন হিমি, তারপর দলটিকে ফিরতি ফ্লাইট ধরতে হয়েছে।  

বুধবার (১৫ জুলাই) দিবাগত রাত ১টায় সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা-ইংল্যান্ড। ইংল্যান্ডের জার্সি পরে হিমি আজ তার ফেসবুকে একটি পোস্ট করেছেন। ছবির ক্যাপশনে এই অভিনেত্রী লেখেন, “প্রিয় ইংল্যান্ড, তোমরাই চ্যাম্পিয়ন হবে! এটাই আমার বিশ্বাস। আজকের ম্যাচের জন্য শুভকামনা।” তারপর থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন হিমি। তার এই পোস্টে রিঅ্যাক্ট পড়েছে ১ লাখ ২০ হাজার, মন্তব্য জমা পড়েছে প্রায় ২০ হাজার।  

জান্নাতুল সুমাইয়া হিমি

সজিব নামে একজন তার পোস্টে লেখেছেন, “এই আপা দেহি আর্জেন্টিনারে জিতাইবো।” কোয়েল সরকার লেখেন, “যা বুঝলাম, তাতে আপনি কোনো দলের সাপোর্টার না। আপনি আসলে আর্জেন্টিনা বিরোধী।” ইমন লেখেন, “এবার ইংল্যান্ডকেও খায়া দিছেন। এই পর্যন্ত যেই দল বদলাইছে, অইটাই বিদায় হইছে।” মারুফ লেখেন, “ভালোই হয়েছে ইংল্যান্ডের জার্সি পরছে। আপনি যে জার্সি পরেন সেই দলের কুফা লেগে যায়, তার মানে আজকে আর্জেন্টিনা জিতবে।” এমন অসংখ্য মন্তব্য শোভা পাচ্ছে হিমির কমেন্ট বক্সে। তবে সত্যি সত্যি আর্জেন্টিনা জিতবে কি না তা সময় বলে দেবে।