২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে শুধু ট্রফি জয়ের লড়াই নয়, অপেক্ষা করছে আরও একটি ঐতিহাসিক স্বীকৃতি। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ফাইনালের বিজয়ী দল প্রথমবারের মতো ফিফার পক্ষ থেকে পাবে বিশেষ কমেমোরেটিভ চ্যাম্পিয়নশিপ রিং। বিশ্বকাপের ইতিহাসে এর আগে কোনো চ্যাম্পিয়ন দলকে এমন সম্মান দেওয়া হয়নি।
এই উদ্যোগটি মূলত যুক্তরাষ্ট্রের ক্রীড়া সংস্কৃতি থেকে অনুপ্রাণিত। সেখানে এনএফএল, এনবিএ, এমএলবি ও এনএইচএলের মতো বড় লিগে প্রতি মৌসুমের চ্যাম্পিয়নদের স্মারক রিং প্রদান করা হয়। এবার সেই ঐতিহ্যই বিশ্বকাপে নিয়ে এসেছে ফিফা।
ফিফার তথ্য অনুযায়ী, মোট ২,০২৬টি সীমিত সংস্করণের রিং তৈরি করা হয়েছে, যা ২০২৬ বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতেই বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। প্রতিটি রিংয়ের আলাদা সিরিয়াল নম্বর থাকবে।
এর মধ্যে ৩০টি রিং দেওয়া হবে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ও সংশ্লিষ্ট সদস্যদের। বাকি ১,৯৯৬টি রিং বিশ্বের বিভিন্ন দেশের ফুটবলপ্রেমীদের জন্য বিক্রি করবে ফিফা। তবে এই রিংগুলোর দাম এখনো ঘোষণা করা হয়নি।
রিংয়ের এক পাশে থাকবে ফিফা বিশ্বকাপ ট্রফির প্রতিকৃতি, আর অন্য পাশে থাকবে চ্যাম্পিয়ন দলের পরিচয় অনুযায়ী বিশেষ নকশা। প্রতিটি রিং আলাদাভাবে তৈরি করা হবে এবং এর সঙ্গে থাকবে অথেনটিসিটির (সত্যতা) সনদ।
ফাইনাল শেষ হওয়ার পরপরই বিজয়ী দলের অধিনায়ক ও প্রধান কোচকে প্রতীকী বা অস্থায়ী রিং পরিয়ে বিজয় উদযাপন করা হবে। পরে ব্যক্তিগতভাবে তৈরি করা ৩০টি কাস্টমাইজড রিং আনুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়ন দলের সদস্যদের হাতে তুলে দেবে ফিফা।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ক্রীড়া জগতে সুপার বোল (এনএফএল), এনবিএ ফাইনাল, এমএলবির ওয়ার্ল্ড সিরিজ এবং এনএইচএলের স্ট্যানলি কাপ জয়ী দলগুলোর জন্য চ্যাম্পিয়নশিপ রিং প্রদান বহু বছরের ঐতিহ্য। এবার সেই মর্যাদাপূর্ণ তালিকায় যুক্ত হলো ফিফা বিশ্বকাপও।
আরআর/এমএমআর








